জাতীয়

ইসলামী ব্যাংকের সাবেক ১০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশ বাংলা ডেস্ক

এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ইসলামী ব্যাংকের সাবেক ১০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মনিরুল মাওলা, ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইহসানুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আহ্বায়ক মুহাম্মদ কায়সার আলী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা প্রধান মুহাম্মদ সিরাজুল কবির, রংপুর জোনের সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মোহাম্মদ মোস্তাক আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল হক, সাবেক কর্মকর্তা এস এম তানভির হাসান ও হোসেন মোহাম্মদ ফয়সাল।

এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে জানা যায়, এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে ঋণ দিতে সহায়তা করা ইসলামী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। এজন্য অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত আবশ্যক। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মনিরুল মাওলাকে গত সোমবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একই আদালত।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button