খুলনা

খুলনা জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা

কবীরুল ইসলাম আমীর, মুন্সী মিজানুর রহমান সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মাওলানা কবীরুল ইসলাম জেলা আমীর এবং মুন্সী মিজানুর রহমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গায় খুলনা জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

ঘোষিত কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গোলাম সরোয়ার। সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুন্সী মইনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আজম হাদী।

এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, মো. আশরাফুল আলম, মাওলানা আবু ফয়সাল, অধ্যাপক আব্দুর রব, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডা. আব্দুল্লাহ, রবিউল ইসলাম ফয়সল ও অধ্যাপক আব্দুল আলিম মোল্লা।

জেলা মহিলা কর্মপরিষদের সদস্যরা হলেন অধ্যাপক আয়নুন নাহার আনজু, ফয়জুন নাহার পাঠান, আয়শা ছিদ্দিকাহ্, শাহনাজ সুলতানা, উম্মে আসমা, মাহমুদা ফারজানা, তানিয়া রহমান, হালিমা খাতুন, আকলিমা রহমান, পারভিন আক্তার ও রাশেদারা রাশু।

এর আগে খুলনা জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে জেলা আমীর ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে মাওলানা কবীরুল ইসলাম জেলা আমীর নির্বাচিত হন। এ ছাড়া পুরুষ ৪১ জন ও মহিলা ২৫ জন শূরা সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ এমপি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংগঠনের শিকড় তৃণমূল পর্যায়ে আরও গভীরে প্রোথিত করতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামভিত্তিক জনশক্তিকে সুসংগঠিত করার পাশাপাশি জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। মানুষের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ করে তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্রের মধ্যে সাধারণ মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে। এ পরিস্থিতিতে জামায়াতের নেতাকর্মীদের বিচক্ষণ, ধৈর্যশীল ও গণমুখী ভূমিকা পালন করতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করে সমাজে ইনসাফ, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। প্রতিহিংসার পরিবর্তে দাওয়াতের মনোভাব নিয়ে মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button