খুলনা

দৈনিক প্রবাহ অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক প্রবাহ অফিসে হামলা ও পত্রিকার স্টাফকে মারধরের ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর শিববাড়ী মোড়ের অদূরে টাইগার গার্ডেন হোটেল সংলগ্ন প্রবাহ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। দৈনিক প্রবাহ পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গভীর রাতে একটি পত্রিকা অফিসে হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এটি স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রবাহ অফিসে হামলা ও স্টাফকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে হামলার নেপথ্যে কারা রয়েছে, সেটিও তদন্ত করে বের করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একের পর এক খুন, গুলির ঘটনা, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রবাহ ভবনের পেছনের বস্তি ও সেখানে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক প্রবাহ পাঠক ফোরাম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।
প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, সুজনের খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট কুদরত-এ-খুদা, খুলনা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা সরোয়ারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার দীর্ঘদিনের স্থানীয় পত্রিকা দৈনিক প্রবাহের অফিসে গভীর রাতে হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন। সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি এখন পত্রিকা অফিসে হামলা হওয়া অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তিনি হামলার ঘটনায় গ্রেফতার একজনের পাশাপাশি বাকি আসামিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনের দাবি জানান।
তিনি খুলনায় মাদক, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান।
জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক বলেন, ৫৫ বছরের কর্মজীবনে পত্রিকা অফিসে এ ধরনের হামলার ঘটনা তিনি আগে দেখেননি। তিনি হামলাকারীদের শুধু গ্রেফতার নয়, যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, প্রবাহ ভবনের পেছনের এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও তিনি তুলে ধরেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত রোববার (৯ আগস্ট) দিনগত গভীর রাতে নগরীর ৩ কেডিএ এভিনিউস্থ প্রবাহ ভবনের পঞ্চম তলায় হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পত্রিকার স্টাফ ফয়সাল আহমেদকে মারধর করে এবং সাংবাদিকদের খুঁজতে থাকে। পরে অফিসের কাচের দরজায় ভাঙচুরের চেষ্টা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ প্রধান আসামি রফিকুল ইসলামকে মঙ্গলবার গ্রেফতার করে।

দৈনিক প্রবাহ অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি
দৈনিক প্রবাহ অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button